সাংবাদ সারাক্ষণ ডেস্ক:
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এ রুটে জাহাজ চলাচল পুনরায় চালু করা হয়।
রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনীয়ার ছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে করে দ্বীপটিতে যান ১ হাজার ৮৭০ জন পর্যটক।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, সেন্টমার্টিনে আটকে থাকা ৯ শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকরা নিরাপদে পৌঁছাতে পারবে।
এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন। পরে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।’কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
