মাইলস্টোন শিক্ষার্থীদের পাশে জেমস, কনসার্টের আয়ের অংশ যাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে শোকাহত গোটা দেশ। শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের করুণ মৃত্যুর এই বাস্তবতাকে মেনে নিতে পারছে না কেউই। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার ব্যান্ড দল নগর বাউল।বর্তমানে জেমস যুক্তরাষ্ট্রে একটি সংগীত সফরে রয়েছেন। গত মাস থেকেই তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। তারই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্ট।

এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।এক ফেসবুক পোস্টে আয়োজকরা লেখেন, “ঢাকার হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাদের পাশে আছি। এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।”এ ছাড়া নগর বাউল জেমসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীদের এবং তাঁদের পরিবারের সদস্যরা যে কঠিন সময় পার করছেন, তাদের জন্য আমাদের অন্তরের গভীর প্রার্থনা রইল। একইসঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি, যারা সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করেছেন।”উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।