নিজস্ব প্রতিনিধি:
পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে মুক্ত হয়ে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে পারে, সেটিই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
সভায় উপস্থিত সব সদস্যের মতামতের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করবে।
