সাকিবের ব্রেকথ্রু, হৃদয়ের ৫ ছক্কার তাণ্ডবে এলপিএলের ফাইনালে জাফনা কিংস।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে

স্পোর্টস ডেস্ক:

লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে তাওহীদ হৃদয়ের টর্নেডো ইনিংসে ভর করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাফনা কিংস। শেষ দিকে মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রানের বিধ্বংসী ইনিংসে দলীয় সংগ্রহকে ২৪২ রানে নিয়ে যান বাংলাদেশের এই ব্যাটার। পরে বল হাতে সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নিয়ে জয়ের পথ আরও সহজ করে দেন। তাতেই ১৪ রানের জয় পেয়ে সরাসরি লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে জায়গা করে নেয় জাফনা কিংস।

বুধবার (৫ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গল গ্যালান্টস। জাফনা কিংসের একাদশে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। অন্যদিকে গলের দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের।ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জাফনা। অভিষকা ফার্নান্দো ১৪ বলে ১৯ রান করে ফিরলেও এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন কামিল মিশারা ও খাজা নাফে।

দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুজন।নাফে ৩২ বলে ৫৪ রান করে বিদায় নেন। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল পাকিস্তানি তরুণের ইনিংসটি। এরপর অধিনায়ক ভানুকা রাজাপক্ষে নিজে না নেমে পাঠান তাওহীদ হৃদয়কে।ক্রিজে নেমেই ম্যাচের গতি আরও বাড়িয়ে দেন হৃদয়। ঈশান মালিঙ্গার করা ১৯তম ওভারে টানা দুই ছক্কা হাঁকান।

শেষ ওভারে দাসুন শানাকার বিপক্ষে মারেন আরও দুটি চার ও দুটি ছক্কা। সেই ওভার থেকেই আসে ২২ রান।মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করা হৃদয় শেষ পর্যন্ত ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। তিনটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো তাঁর ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪। হৃদয়ের ঝোড়ো ফিনিশিংয়ের পাশাপাশি কামিল মিশারাও খেলেন ৫৫ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রান তোলে জাফনা কিংস।২৪৩ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ইতিবাচক ব্যাটিং করে গল গ্যালান্টস। ওপেনার স্যাম হার্পার ৪৪ রান করেন। তবে প্রয়োজনীয় রানরেট ক্রমেই নাগালের বাইরে চলে যায়।

বল হাতে সাকিব আল হাসান খুব মিতব্যয়ী না হলেও গুরুত্বপূর্ণ সময়ে এনে দেন ব্রেকথ্রু। ইনিংসের ১৪তম ওভারে তিনি ফেরান চামিকা করুনারত্নেকে। ২১ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৯ রান করা করুনারত্নে আউট হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি গল।জাফনার হয়ে মোহাম্মদ সিরাজ নেন তিনটি উইকেট, লিজাড উইলিয়ামস দুটি এবং সাকিব আল হাসান একটি। তিন ওভারে ৩৬ রান খরচ করেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।১৪ রানের জয় তুলে নিয়ে সরাসরি লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকছে গল গ্যালান্টসের।