বন্যাদুর্গত অঞ্চলে বাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

আস-সুন্নাহ ফাউন্ডেশন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের রহমতপুর গ্রামে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ফাউন্ডেশনের ফেসবুক পেজে সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

রহমতপুর একটি প্রত্যন্ত এলাকা, যা ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ছোট ফেনী নদীর তীরবর্তী হওয়ায় ব্যাপকভাবে প্লাবিত হয়। কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটায়। এই বন্যায় ছোট ফেনী নদীর জোয়ারের পানির প্রবাহ আরও শক্তিশালী হয়ে ওঠে, যা প্রতিদিনই বসতবাড়ির মাঝ দিয়ে একটি খালের সৃষ্টি করে।

জোয়ার-ভাটার কারণে নতুন এই খালটি ক্রমশ প্রশস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খালের মুখে দ্রুত বাঁধ নির্মাণ না করলে কৃষিজমি ও বসতভিটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে বন্যার প্রকোপ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এই সংকটের স্থায়ী সমাধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন পদক্ষেপ নিয়েছে। ফাউন্ডেশনের একটি বিশেষজ্ঞ দল দুর্গত এলাকা পরিদর্শন করে সমস্যার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেছেন। তাদের পরামর্শ অনুযায়ী, ৫০০ ফুট দীর্ঘ একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বাঁধটি নির্মাণের ফলে দুই শতাধিক বসতবাড়ি, অসংখ্য কৃষিজমি, মসজিদ, মাদরাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার সম্ভাবনা রয়েছে। অতীতেও ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে।

ফাউন্ডেশনটি এবারও তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছে।