প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার (৩ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।সাক্ষাৎকালে গুইন লুইস জানান, বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্ভাব্য সহায়তা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।এছাড়াও, রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সমস্যাসহ অন্যান্য বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, তহবিল সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রধান উপদেষ্টা এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টাকে শক্তিশালী করতে দ্রুত আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।