২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৯ minutes ago

সংবাদ সারাক্ষণ ডেস্ক:

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য পুনরায় গড়ে তুলে দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের বর্তমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজিত অপশক্তি এখনো সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে নাগরিক জীবন বিপর্যস্ত ও বিপন্ন হতে পারে। তবে সবাইকে আইন মেনে, শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে তাদের উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে লুকিয়ে থাকা তাদের নেতাকর্মীদেরও আগুন লাগানোর নির্দেশ ও প্ররোচনা দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের মাটিতে তাদের অগ্নিসন্ত্রাস আর কখনো সফল হতে দেওয়া হবে না।

গার্মেন্টস শিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। ইতোমধ্যে মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য ও ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করেছেন। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা মূলত সারা দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থাকবে। সংসদে মতবিরোধ ও তর্ক-বিতর্কও হবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অতীতে যেভাবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল, আবারও সেরকম ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে বিভিন্ন ধর্মাবলম্বী, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করেন। তাদের সংখ্যা কম বা বেশি যা-ই হোক না কেন, সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সমান নাগরিক অধিকার ভোগ করবেন। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান।খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া অতীতেও ছিল, এখনো রয়েছে। সরকার সেগুলো আইনের আওতায় আনার কথা জানিয়েছে। যেসব দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে, তা সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করা হবে।

বিগত ১৬ থেকে ১৭ বছরের শাসনামলকে আলেম ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে দেশে জবরদস্তিমূলক শাসনব্যবস্থা চালু ছিল। পবিত্র বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে। আলেম-ওলামাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো জীবনযাপন করতে হয়েছে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ ও আলেমদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে নিহতদের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়ের করা নিয়মিত মামলার সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ওই হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার কয়েক হাজার ওলামায়ে কেরাম ও মুসল্লি অংশগ্রহণ করেন।