নিজস্ব প্রতিনিধি:
‘কর্মীকার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪৪ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে।বুধবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথকভাবে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করেছে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় হোটেল অতিথিদের জাতীয় পরিচয়পত্র, পেশা ও ঢাকায় আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না তা নিশ্চিত হতে অতিথিদের মোবাইলও তল্লাশি করা হয়।রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোটেল ও মেসে অভিযান চালাচ্ছি।
গতরাতে কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা নাশকতার পরিকল্পনায় ঢাকায় একত্রিত হয়েছিল।”সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, “কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের আগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুলিশের সিডিএমএস ডাটাবেজে তার তথ্য যাচাই করা হয়। দেখা গেছে, অধিকাংশের আগেও মামলা রয়েছে। কলাবাগান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজন গোপালগঞ্জ থেকে এসেছেন এবং তাদের বিরুদ্ধেও পূর্বের মামলা রয়েছে।”
