রুপালি পর্দায় এমন কিছু নাম অমর হয়ে থাকেন—যারা শুধু চরিত্রের অভিনয় করেন না— চরিত্র হয়ে ওঠেন। তেমনই এক বিস্ময়কর নাম মেরিল স্ট্রিপ।
চার দশকেরও বেশি সময় ধরে তিনি হলিউডের অভিনয়শিল্পে এমন নিপুণতা এবং বহুমাত্রিকতার ছাপ রেখেছেন, যা তাঁকে বানিয়েছে কিংবদন্তি।
মেরিল স্ট্রিপের জন্ম ১৯৪৯ সালের ২২ জুন, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সামিট শহরে। শৈশব থেকেই সংগীত ও অভিনয়ের প্রতি ছিল তাঁর প্রবল টান— ভাসাভাসা শুরুটা থিয়েটারে হলেও, খুব দ্রুতই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বড় পর্দার এক দুর্দান্ত অভিনেত্রী হিসেবে। তাঁর প্রথম চলচ্চিত্র Julia (১৯৭৭) তে পার্শ্ব চরিত্রে অভিনয়ই প্রমাণ করে দেয়, এক নতুন নক্ষত্রের আবির্ভাব ঘটেছে।
মেরিল স্ট্রিপ এমন একজন অভিনেত্রী, যিনি সহজাত দক্ষতায় রূপ ধরতে পারেন যেকোনো ভাষা, উচ্চারণ বা সংস্কৃতির চরিত্রে। তিনি যেমন Sophie’s Choice–এ পোলিশ অভিবাসীর মর্মস্পর্শী চরিত্রে দর্শককে কাঁদিয়েছেন, তেমনি The Devil Wears Prada–তে এক ঠাণ্ডা, কর্তৃত্বপরায়ণ ফ্যাশন এডিটরের ভূমিকায় দর্শককে চমকে দিয়েছেন। তাঁর অভিনয়ে থাকে সূক্ষ্ম আবেগের আঁচ, যা শব্দ নয়, চোখের ভাষায় বলেও অধিক গভীর হয়ে ওঠে।
মেরিল স্ট্রিপের ঝুলিতে রয়েছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। তিনি ২১ বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়ে ৩ বার জিতেছেন—একটি বিশ্বরেকর্ড। গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন ৮ বার। তবে মেরিল কখনোই পুরস্কারের পেছনে ছুটেননি; বরং চরিত্র ও শিল্পের প্রতি নিষ্ঠাই তাঁকে দিয়েছে এই খ্যাতি।
বর্ণাঢ্য ক্যারিয়ার সত্ত্বেও মেরিল স্ট্রিপ বরাবরই থেকেছেন বিনয়ী ও ব্যক্তিগত জীবন নিয়ে নির্লিপ্ত। তিনি একজন মা, একজন স্ত্রী এবং একজন সুনাগরিক হিসেবে সামাজিক নানা উদ্যোগেও জড়িত। অভিনয়ের বাইরে তিনি প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও নারী অধিকারের পক্ষে সরব কণ্ঠ।
মেরিল স্ট্রিপ কেবল একজন অভিনেত্রী নন, তিনি এক জীবন্ত পাঠশালা—যেখান থেকে শেখা যায় নিষ্ঠা, অধ্যবসায় আর শিল্পের প্রতি ভালোবাসা কাকে বলে। আজকের তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম। মেরিল স্ট্রিপ এমন এক নাম, যার প্রতিটি চরিত্র পরিণত হয় এক নতুন অভিজ্ঞতায়—যেখানে দর্শক শুধু দেখেন না, অনুভব করেন।
অভিনয় সম্পর্কে মেরিল স্ট্রিপের চিন্তা শিল্প ও মানবিকতার এক অপূর্ব সমন্বয়। তিনি একবার বলেছিলেন—
“The great gift of human beings is that we have the power of empathy.” মানুষের সবচেয়ে বড় উপহার হলো—আমাদের সহানুভূতির ক্ষমতা।
তার অভিনয়ের দর্শনে স্পষ্ট যে, তিনি প্রতিটি চরিত্রের ভেতরে ঢুকে পড়েন না শুধু, বরং সেই চরিত্রের হৃদয় অনুভব করেন। তিনি আরও বলেন—
“Acting is not about being someone different. It’s finding the similarity in what is apparently different, then finding myself in there.” অভিনয় মানে আলাদা কিছু হওয়া নয়, বরং যা আলাদা মনে হয় তার মধ্যে নিজের সাদৃশ্য খুঁজে পাওয়া।
বিশ্বখ্যাত চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট মন্তব্য করেছেন:
“Meryl Streep is not only the best actress of her generation, she is possibly the best actress of all time.” মেরিল স্ট্রিপ কেবল তার প্রজন্মের সেরা অভিনেত্রী নন, সম্ভবত সর্বকালের সেরা।
অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস বলেছেন:
“I’m in awe of Meryl. She’s the benchmark.” আমি মেরিলকে দেখে মুগ্ধ হই। তিনি হচ্ছেন মানদণ্ড।
The New York Times তাঁকে আখ্যা দিয়েছে “a chameleon of cinema”—চলচ্চিত্রের গিরগিটি, কারণ তিনি প্রতিটি চরিত্রে এত নিখুঁতভাবে নিজেকে রূপান্তরিত করেন যে দর্শক ভুলে যান, পর্দায় মেরিল আছেন।
Sophie’s Choice (1982) তার অভিনীত একটি অসাধারণ সিনেমা— সোফি একজন পোলিশ অভিবাসী নারী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বন্দিশিবির (Auschwitz)-এ বন্দি ছিলেন। যুদ্ধ শেষে তিনি আমেরিকায় আসেন, কিন্তু তার অতীতের অভিজ্ঞতা তাকে তাড়া করে ফেরে। সোফির জীবনে এমন একটি ভয়াবহ সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা তার মনোজগতে স্থায়ী ক্ষত তৈরি করে।
“Sophie’s choice” বলতে বোঝায় এমন এক অসম্ভব সিদ্ধান্ত, যেখানে যেটিই বেছে নেওয়া হোক না কেন, ফলাফল মর্মান্তিক। সিনেমার মূল হৃদয়বিদারক মুহূর্ত হলো, যখন নাৎসি এক অফিসার সোফিকে বাধ্য করে—তার দুই সন্তানের মধ্যে একজনকে বাঁচাতে হবে, আর একজনকে মরতে হবে। এই দৃশ্যটি আজও চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক ও শক্তিশালী দৃশ্যগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
মেরিল স্ট্রিপ এই চরিত্রে পোলিশ উচ্চারণ, ভাষাগত দক্ষতা এবং আবেগের এমন নিখুঁত সমন্বয় এনেছেন যে, দর্শক শুধু চরিত্রটিকে অনুভবই করেন না, বরং তা বহুদিন মনে গেঁথে রাখেন।
Sophie’s Choice শুধু মেরিল স্ট্রিপের অভিনয় দক্ষতার এক নিখুঁত উদাহরণই নয়, এটি প্রমাণ করে যে তিনি কীভাবে মানবিক দুর্বলতা, নিঃসঙ্গতা, এবং অপরাধবোধকে পর্দায় জীবন্ত করে তুলতে পারেন।
ছোটকাল থেকে আত্মকেন্দ্রিক ও কিছুটা অলস প্রকৃতির এই অভিনেত্রীকে তার মা একবার বলেছিলেন, “মেরিল, তুমি সম্ভাবনাময়ী। তুমি অসাধারণ। তুমি একবার কোনোকিছুতে মন বসিয়ে ফেললে সেটা করেই ছাড়বে। কিন্তু তুমি আলসেমি করলে সেটা সম্ভব নয়। তবে তোমার দ্বারা কোনোকিছুই করা অসাধ্য নয়।”
নিজের জন্মদাত্রীকে নিজের জীবনের চলার পথের গুরু মনে করতেন। ছোট্ট মেয়েটি মায়ের কথাগুলোকে পরম যত্নে বুকে ধারণ করে নিয়েছিল। সেই থেকে শুরু করে নিজের প্রাপ্ত বয়সকালেও মাকে সবসময় নিজের একমাত্র উপদেষ্টা হিসেবে গণ্য করে এসেছিলেন।
‘মেরিল স্ট্রিপ’ শুধু দুই শতাব্দীর অন্যতম সেরা অভিনেত্রীই নন, তিনি যেকোনো দেশ, জাতি, ধর্ম, পেশা ও বয়সের নারীর জন্য একজন পথিকৃৎও বটে। একদম মাটিতে হাঁটতে শিখে কীভাবে আকাশে উড়ার মতো পর্যায়ে পৌঁছে যাওয়া যায়, তা মেরিলের জীবনবৃত্তান্তে চোখ বোলালেই বাস্তব দৃষ্টান্ত হিসেবে পরিলক্ষিত হয়।
