নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।সম্প্রতি বিবিসির সংবাদ পরিবেশনে ‘গুরুতর পক্ষপাতিত্ব’-এর অভিযোগ ওঠে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, গাজা পরিস্থিতি ও ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত প্রতিবেদনে। বিষয়টি আরও আলোচনায় আসে যখন বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ প্যানোরামা-র এক পর্বে ট্রাম্পের ভাষণের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করা হয়, যা দেখে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় সমর্থকদের উস্কে দিচ্ছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকট পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করলে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।এ বিষয়ে টিম ডেভি এক বিবৃতিতে বলেন, “ভুল হয়েছে, এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত এর দায় আমারই নিতে হবে।”অন্যদিকে, ডেবোরাহ টারনেস বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত দায়ভার আমারই।”
