রিকসাচালক হত্যা মামলায় রিমান্ডে সালমান এফ রহমান

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির ঢাকা মেট্রো (উত্তর) পরিদর্শক রিদুয়ানুল হক, আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য জামিনের আবেদন করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্যান্য আসামিরা হলেন—সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে যাত্রী অপেক্ষায় ছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৯)। তখন বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণের জন্য অভিযুক্তদের ছোড়া গুলি হাফিজুলের বাম পাজরে বিদ্ধ হয়ে ডান বগল দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনার পর ২১ আগস্ট বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়।