নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাচিয়াড়া পশ্চিম পাঠান বাড়ির হারু অর রশিদের ছেলে রাফসান ইসলাম নিলয় (২০), একই উপজেলার রূপসা ইউনিয়নের বারো পাইকা গ্রামের মো. সেলিমের ছেলে মো. ইয়ামিন (২১) এবং সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা বাদামতলী খান বাড়ির আব্দুল মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)।পুলিশ জানায়, ৩০ জুলাই বিকেলে সদর মডেল থানার পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চুরি করে আনা একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদে রাফসান ও ইয়ামিনের সম্পৃক্ততা পাওয়া যায় এবং তাদের দেয়া তথ্যে জানা যায়, আব্দুস সালাম নামের ব্যক্তি চোরাইকৃত মোটরসাইকেল নিজ গ্যারেজে সংরক্ষণ করতেন। তিনি ‘সালাম মোটরস’ এর মালিক।আটককৃতরা পুলিশকে জানায়, তারা লক্ষীপুর, কুমিল্লা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নাম-পরিচয়হীন চোরদের কাছ থেকে মোটরসাইকেল কিনতেন, যেগুলোর অধিকাংশেরই কোনো বৈধ নিবন্ধন ছিল না।অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, আটক নিলয় ও ইয়ামিনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সালামের গ্যারেজ থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। সালাম দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত। তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
