এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের দিয়ে খাতার বৃত্ত ভরাট ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

চলমান এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানোর অভিযোগ ওঠায় এক পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একে পরীক্ষা পরিচালনায় গাফিলতি এবং নৈতিকতাবিরোধী আচরণ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে বোর্ড।

রোববার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত পরীক্ষকের নাম মো. রাকিবুল হাসান। তিনি গাজীপুরের কালিয়াকৈরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তাকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড ১০২) পরীক্ষার খাতায় তিনি শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্য প্রমাণিত হয়।

নোটিশে আরও বলা হয়েছে, পরীক্ষার খাতায় বৃত্ত ভরাট বা মূল্যায়নের কাজ প্রধান পরীক্ষক বা নির্ধারিত পরীক্ষক ছাড়া অন্য কেউ, যেমন শিক্ষার্থী বা তাদের পরিবার-পরিজন দ্বারা করানো আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই রাকিবুল হাসানের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিয়ে জানাতে বলা হয়েছে।

এ ঘটনায় প্রেরিত নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ঢাকা শিক্ষা বোর্ড পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট পরীক্ষকের দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।