পাইলট জামিল বিল্লাহর দক্ষতার কারণে রক্ষা পেলেন বিমানটির ৭১ জন যাত্রী।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার পরপরই উড়ন্ত অবস্থায় এর একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।এমন পরিস্থিতিতে, ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ এবং তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতার ফলে ফ্লাইটটি দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জানান, ফ্লাইট অবতরণের পর ক্যাপ্টেন জামিল বিল্লাহর দক্ষতা ও বিচক্ষণতায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। বিমান কর্তৃপক্ষ জামিল বিল্লাহর এই দক্ষতায় মুগ্ধ। তার ৮ হাজার ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেন, অবতরণের পরে ফ্লাইটের যাত্রীরা পাইলট ও ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জরুরি অবতরণের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এরপরও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই বিষয়ে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।