গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪১২ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উত্তরের একটি সংঘর্ষে তাদের এক সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহত সেনার নাম গালেব স্লিমান আল-নাসাসরা, যিনি একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন।
২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল সর্বশেষ মৃত্যুর ঘটনা, যা নিহত সেনাদের মোট সংখ্যা ৪১২-তে নিয়ে গেছে। ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম কোনও সেনা প্রাণ হারালেন।
এই নতুন অভিযানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৮০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আরও জোরালোভাবে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন।
শনিবারও গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর টানা বোমা হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৫৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন বহু মানুষ।
আল জাজিরা জানায়, পুরো দিনজুড়ে এসব হামলা অব্যাহত ছিল।
অন্যদিকে, হামাস একটি অস্থায়ী যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করে বন্দি মুক্তির বিনিময়ে একটি স্থায়ী চুক্তির দাবি জানায়। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
