ইসরায়েলের নির্বাচনে কোনো জোটই পায়নি সংখ্যাগরিষ্ঠতা, এগিয়ে নেতানিয়াহু।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সাধারণ নির্বাচনে সম্পূর্ণ ভোট গণনা শেষে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। খবর টাইমস অব ইসরায়েলের।শুক্রবার (৩০ অক্টোবর) প্রথম প্রহরে নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।ঘোষিত ফলাফলে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি এবং গাদি আইজেনকোটের বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। এর মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি ও আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি আসনে জিতেছে।

অন্যদিকে, আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে, যা তাদের গতবারের প্রাপ্ত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।নির্বাচনে কাতারের অর্থায়নে আরব ভোটারদের প্রভাবিত করা এবং কারচুপির যে অভিযোগ নেতানিয়াহু তুলেছিলেন, তা ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিটি ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট।এমনকি নগদ অর্থসহ আরব দলের তিন কর্মীকে আটকের ঘটনাও এই তদন্তের অংশ নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ক্ষমতা দীর্ঘায়িত করতেই নেতানিয়াহু এসব অভিযোগ তুলছেন বলে দাবি করেছেন বিরোধী নেতা আইজেনকোট।

আগামী বুধবার (৪ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ফলাফল জমা দেওয়ার কথা রয়েছে। তারপর তিনি দলীয় নেতাদের সাথে সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করবেন।আগামী ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কোনো পক্ষের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন প্রক্রিয়া দীর্ঘ হতে পারে।

/এসএম/এনএ