‘শিং মাছ, সাঈদ আজাদ:
একটি গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি তখনই যখন গল্পটি শেষ হওয়ার পরও পাঠকের ভেতরে তার আলোচনা চলতে থাকে।‘শিং মাছ’ নিয়ে পাঠকদের প্রতিক্রিয়াগুলোতে সেটিই দেখলাম।
কেউ দেখেছেন নারীর মায়া ও আত্মসম্মানের দ্বন্দ্ব, কেউ নীরব প্রতিবাদ, কেউ পুরুষতান্ত্রিক ক্ষমতা ও বঞ্চনা, কেউবা গ্রামীণ জীবনের বাস্তবতা ও গল্পের প্রতীকী ব্যঞ্জনা। তবে গল্পটির প্রতীকী পাঠে আরও একটি স্তর আছে। ‘করি মানা, কাম ছাড়ে না মদনে’— এই প্রবাদের মদন যেন গল্পে খলিলের মধ্যেই উপস্থিত। শিং মাছ এখানে স্বয়ং খলিলের প্রতীক— আর কাদার ভেতরে লুকিয়ে থাকা শিং মাছ যেন কামদেবতার সেই অদৃশ্য তাড়নার প্রতীক যার আঘাতে নুরুর স্বাভাবিক জীবনে নেমে আসে রক্তময় বেদনা।
অন্যদিকে নিমগাছটি শুধু একটি গাছ নয়— এটি আমিনার ত্যাগ, সহিষ্ণুতা এবং হাজার বছরের নারীসমাজের নীরব সেবার প্রতীক। একেকজন পাঠক একেকটি দরজা দিয়ে গল্পে প্রবেশ করেছেন। কেউ ঘটনাকে দেখেছেন, কেউ চরিত্রকে, কেউ সমাজকে, আবার কেউ প্রতীকের ভেতরে লুকিয়ে থাকা অর্থকে। একজন সম্পাদক হিসেবে আমার কাছে এটাই সাহিত্যের সৌন্দর্য— লেখক গল্প লেখেন, কিন্তু পাঠকের পাঠে গল্পটি নতুন নতুন জীবন পায়।
— এমরানুর রেজা সেপ্টেম্বর ১০, ২০২৬।
গল্পের প্রথম কয়েকটি লাইন পড়েই বুঝতে পেরেছিলাম, আমিনার কপাল পুড়তে চলেছে। এই যে গল্পে একটা অনাকাঙ্ক্ষিত মোড় রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা অনাকাঙ্ক্ষিত হয়ে উঠতে পারল না, এটাই প্রমাণ করে সেই প্রবাদটি বোধয় সত্য – ‘অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর’। এই প্রদেশের নারীর হাজার হাজার বছরের গল্পে আর কোন নতুন মোড় নেই, আমরা তৈরী করতে পারিনি। আমরা ভাবতে পারিনা, আমিনা একদিন হাঁস মুরগীকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ বলে উঠবে, আমার আর ‘ সংসার’ ভালো লাগছে না। আমাদের নারীরা অপমানের চূড়ান্তে না পৌঁছানো পর্যন্ত কচ্ছপের মত কামড়ে ধরে থাকে। ‘মায়া’ সবসময় আত্মসম্মানবোধের অনুভূতিকে হার মানায়।
এই গল্প নতুন কোন গল্প নয়। এই গল্পে আসলে কোন চমক নেই। শুধু আছে ‘মায়া’। আমাদের নারীরা ‘মায়া’ ছাড়তে পারে না। তবে এই মায়া কি সবসময়ই নেতিবাচক। না। এই মায়াই বোধয় আমাদের নারীদের আলাদা করেছে। এই মায়াই তাদের নিজস্ব স্বত্ত্বা। এই মায়াই আসলে আমাদের মায়েদের পরিচয়। আমাদের মায়েদের বিপ্লবটা মায়াতেই আটকে আছে। সেই মায়া দিয়েই তারা এমন সন্তানদের জন্ম দিয়েছে, যারা পৃথিবী শাসন করেছে।
—আনিকা চৌধুরী প্রিয়ন্তি সহসম্পাদক, বণিক বার্তা। ০৮/০৯/২০২৬
সাঈদ আজাদের ‘শিং মাছ’ গল্পটি পাঠের পর যে অনুভূতিটি সবচেয়ে গভীরভাবে থেকে যায়, তা অভিমান নয়— এক অসহায় বিষণ্নতা। সমাজবাস্তববাদী ও নারীবাদী দৃষ্টিভঙ্গিতে নির্মিত গল্পটিতে গ্রামীণ জীবনের অনাড়ম্বর বাস্তবতার সঙ্গে নারীর নিরবচ্ছিন্ন শ্রম, আত্মত্যাগ ও দাম্পত্যে অসম ক্ষমতাসম্পর্ক উন্মোচিত হয়েছে। আমিনার সংসারজুড়ে ছড়িয়ে থাকা শ্রমের বিপরীতে খলিলের দ্বিতীয় বিয়ে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অনিরাপত্তাকে নির্মম করে তোলে। পুকুর, মাছ ধরা, গৃহস্থালি ও প্রকৃতির সূক্ষ্ম বর্ণনা গল্পটিকে গ্রামীণ জীবন ও সংস্কৃতির এক জীবন্ত নৃ-সাংস্কৃতিক দলিলে পরিণত করেছে। আর নুরুর পায়ে বিঁধে থাকা শিং মাছের কাঁটা যেন শেষ পর্যন্ত কেবল শরীরের ক্ষত নয়— ভেঙে যাওয়া সংসার, মায়ের বিচ্ছেদ ও শিশুমনের গভীর রক্তক্ষরণের এক অনিবার্য প্রতীক।
—আয়তিলতা, শিক্ষক ও সমালোচক ০৮/০৯/২০২৬ ❀ ❀ ❀ ❀
ষাট-সত্তুর দশকের পাড়াগাঁয়ের স্বাভাবিক গ্রামীণ চিত্র শিং মাছ গল্পটা। স্বাভাবিক বলার কারণ হচ্ছে এধরণের ঘটনা তখন মাঝে মধ্যেই ঘটতো। সংসারের বেদনাদায়ক ব্যাপার এটা। একটা সুন্দর সাজানো গুছানো সংসার হঠাৎই তাসের ঘরের মতো ভেঙ্গে তসনস হয়ে যাওয়া। লেখাটা পড়তে পড়তে মাছ ধরার দৃশ্যটায় হারিয়ে যাওয়া যায়। যে লেখার মধ্যে ডুবে যাওয়া যায় তা অবশ্যই ভালো লেখা। নাটকীয়তাও আছে।
—সাদেক মুকুল চিত্রশিল্পী ও লেখক। ০৮/০৯/২০২৬ ❀ ❀ ❀ ❀
সাঈদ আজাদ রচিত ‘শিং মাছ’ ছোটগল্পটি একটি জীবনঘনিষ্ঠ, বাস্তব কাহিনিনির্ভর ছোটগল্প। বৈশিষ্ট্য বিশ্লেষণে ছোটগল্পের প্রতিটি পরিমাপকই এটি অত্যন্ত নিখুঁতভাবে পূরণ করে। ‘শিং মাছ’ ছোটগল্পটি আমাদের সমাজের ক্যান্সারসমতুল্য এক ভয়াবহ ব্যাধিকে চিত্রায়িত করে। আমিনা, খলিল, নুরু, আম্বিয়াসহ অন্যান্য চরিত্রের সংলাপ এবং পরিবেশ-প্রতিবেশের যে অসাধারণ বর্ণনা এই ছোটগল্পে উঠে এসেছে, তা পাঠকের গল্পপাঠের আকাঙ্ক্ষাকে শেষ পর্যন্ত বাড়িয়ে তোলে এবং এর রেশও বহমান রেখে যায়।
গল্পের ‘আমিনা’ চরিত্রের প্রতিটি সংলাপ এই বাংলার সহজ-সরল, অল্পে তুষ্ট নারী চরিত্রের প্রতিনিধিত্ব করে। তাদের সরলতার সুযোগ নিয়ে কীভাবে একজন স্বার্থবাদী, লোভী ও লম্পট পুরুষ তাদের শোষণ করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের সন্তানদেরও একটি রক্তাক্ত প্রান্তরের দিকে ঠেলে দেয়, তা খুবই স্বচ্ছভাবে ফুটে উঠেছে এই ছোটগল্পে।
খলিল-আমিনার কথোপকথনে খলিলের নিজ স্বার্থ চরিতার্থ করার যে টোপ, তা চমৎকারভাবে উপস্থাপিত হয়—“সারাদিন তর অনেক খাটুনি যায় আমিনা, না? একলা মানুষ। সাহাইয্য করার তো কেউ নাই।” এর বিপরীতে আমিনার সরল প্রত্যুত্তর—“হঁ, খাটতে খাটতে শরীল কেমন শুকাইয়্যা গেল! কেমনধারা কথা যে কন! নিজের সংসারের লাইগ্যা খাটমু না!”—এ যেন সহজ-সরল আমিনার এক স্বপ্নভঙ্গের কাহিনির সূচনা, যার শেষ গিয়ে দাঁড়ায় একটি পরিবারের অসংখ্য মানুষের জীবনের ছন্দপতনের কণ্টকাকীর্ণ গল্পে।
একজন লোভী, অবিবেচক, অমানবিক ও অসচেতন মানুষের একটি স্বার্থপর সিদ্ধান্ত যেন সেই শিং মাছের তীক্ষ্ণ ছোবলে রক্তাক্ত করে দেয় বহু প্রাণ; যার মাশুল দিতে হয় আমৃত্যু।
—তনুমা কায়াশ্রী হিল্লোল, কণ্ঠশিল্পী ও লেখক। ১৪৩৩ , ১৫ই ভাদ্র, ❀ ❀ ❀ ❀
সাইদ আজাদ রচিত ‘শিং মাছ’ গল্পটি প্রান্তিক বাঙালি নারীর আত্মসম্মানবোধের গল্প। গল্পের বর্ণনাভঙ্গি অনেকবেশি বর্ণনামূলক, চিত্রকল্প তৈরির চেষ্টা আছে এবং কোথাও কোথাও সফলভাবে চিত্রকল্প তৈরিও হয়েছে। গল্পটির সবচেয়ে বড় শক্তি এর বাস্তবতা। দৃশ্যপট গ্রামীণ হলেও, মূলত সমাজে নারীর শ্রম কীভাবে অদৃশ্য থেকে যায় এবং কেবল বয়স বাড়লে ও শরীর শুকিয়ে গেলে একজন নারীকে কীভাবে সহজেই প্রতিস্থাপিত করা হয়— গল্পকার সেই চরম নির্মম সত্য তুলে ধরেছেন।
গল্পে আমিনা চরিত্রটি কোনো প্রতিবাদ বা ঝগড়া করেনি; সে চুপচাপ, নিঃশব্দে চলে গেছে। কারণ সে বুঝে গেছে, যে সংসারে তার আত্মত্যাগের মূল্যায়ন নেই, ভালোবাসা নেই তা আর তার সংসার নয়।গল্পটিতে চমৎকার কিছু প্রতীকী উপাদান ব্যবহার করা হয়েছে, যা গল্পের গভীরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শিং মাছ, নিমগাছ এবং জ্যোৎস্নায় আমিনার মন খারাপের বিষয়টি পাঠককে গল্পের পরিণতির ইঙ্গিত দিতে সক্ষম হয়েছে। এছাড়াও গল্পের শুরু থেকেই গ্রামীণ জীবনের প্রতিটি উপাদান ও দৃশ্য অত্যন্ত বিশ্বস্ততার সাথে চিত্রিত হয়েছে যা গল্পের ভেতরের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে চমৎকারভাবে তুলে ধরেছে।
—জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক (বাংলা), জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ। ০৯/০৯/২০২৬ ❀ ❀ ❀ ❀।
কথাসাহিত্যিক সাঈদ আজাদ “শিং মাছ ” ছোটগল্পটিতে একটি গ্রামীণ পরিবারের জীবন কাহিনির আড়ালে ক্ষমতা ও বঞ্চনার কথা তুলে ধরেছেন। লেখক গল্পে খলিল চরিত্রকে একতরফা সিদ্ধান্ত গ্রহণ ও কর্তৃত্ববাদী ক্ষমতার প্রতীক হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে আমরা দেখি আমিনার নিরলস শ্রম অথচ সিদ্ধান্ত গ্রহণে তার অনুপস্থিতি নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতাকে প্রকাশ করে।
গরু, পুকুর ও মাছকে কেন্দ্র করে সম্পদের মালিকানা ও বণ্টনের মধ্যেও শ্রেণিগত ক্ষমতার চিত্র ফুটে উঠেছে।আরো দেখি যে খলিল আবার বিয়ে করবে কি না- আমিনার এ রসিকতা এবং আমিনার হাসির আড়ালে তার নিরাপত্তাহীনতা ও দুর্বলতা স্পষ্ট প্রকাশ পেয়েছে।আমাদের সমাজব্যবস্হায় পুরুষের বহুবিবাহের অধিকার এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকলেও নারীর অবস্থান তুলনামূলকভাবে অনিরাপদ ও দুর্বল। এখানে পুরুষতান্ত্রিক আধিপত্য বা ক্ষমতা ফুটে উঠেছে। খলিল অন্যের বিয়ের জন্য যাচ্ছে, কিন্তু গল্পের শেষে আমরা দেখি যে সে নিজেই নতুন বিয়ে করে নিয়ে আসে। এটি প্রতারণা। যেমন-একটি উদ্দেশ্য প্রকাশ করে অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করা। অর্থাৎ গোপন রাজনৈতিক এজেন্ডা ও জনগণকে বিভ্রান্ত করার কৌশল এখানে প্রতীকী ভাবে দেখা যায়।
নুরু মনে করে পায়ে সাপ কামড় দিয়েছে কিন্তু পরে মনিরের কথায় বুঝতে পারে শিং মাছের কাঁটা। এখানে দেখা যায়, নুরু বিপদকে ভুলভাবে শনাক্ত করে। মনির তাকে সংশোধন করে। অজ্ঞতা বা ভুল তথ্য মানুষকে অযথা ভয় দেখাতে পারে। সঠিক জ্ঞান পরিস্থিতি বুঝতে সাহায্য করে এবং ভয়কে দূর করে।সাঈদ আজাদের ” শিং মাছ” ছোটগল্পটি একটি সাধারণ পারিবারিক কাহিনি হয়েও সামাজিক-রাজনৈতিক বাস্তবতার শক্তিশালী প্রতিচ্ছবি।
—তাহমিনা তানাকা, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। ০৯/০৯/২০২৬ ❀ ❀ ❀ ❀
আবহমান গ্রাম বাংলার প্রকৃতি, গ্রামীণ সৌন্দর্য এবং এক নারীর নীরব প্রতিবাদের সুন্দর সম্মিলন এই শিং মাছ গল্পটি।চিরাচরিত গ্রামীণ নারীরা যেখানে মুখ বুঁজে মেনে নেয়, নিয়তির উপর ছেড়ে দিয়ে এবং সন্তানদের মুখ চেয়ে কাটিয়ে দেয় সারাটি জীবন, সেখানে আমিনার স্বামীগৃহ ত্যাগ এক নীরব প্রতিবাদ।
—রফিকুল ইসলাম সজীব, শিক্ষক। আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।
