রাতেই ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে দেশের ৯টি অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষর করেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।তাপমাত্রার ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।