বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীকে ঢেলে সাজানোর সুযোগ নিতে চাই- মাহফুজ আলম।

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

মাহফুজ আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার আনসার বাহিনীকে নতুনভাবে গঠনের সুযোগ কাজে লাগাবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

নির্বাচনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ ও আনসার। এ বিষয়ে পুলিশ ও আনসারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে মাহফুজ আলম বলেন, “গণআন্দোলনের সময় পুলিশের ভূমিকা আপনারা জানেন। পুলিশের গুলিতে নিরপরাধ ও নিরস্ত্র ছাত্ররা হতাহত হয়েছে। আমরা পুরো পুলিশ প্রশাসন বাতিল করতে পারি না, তবে সংস্কার করতে পারি। এ বিষয়ে পুলিশ সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যেগুলো যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে। আমাদের লক্ষ্য হলো সংস্কারের মাধ্যমে নতুন কাঠামো তৈরি করা। একইভাবে আনসার বাহিনীকে ঢেলে সাজানোর সুযোগ রয়েছে এবং আমরা সেই সুযোগ কাজে লাগাব।”

তিনি আরও বলেন, “নির্বাচনের তারিখ নির্ধারণ এমন নয় যে আগামী মাসে ঘোষণা করে দেওয়া হবে। প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়নি। আমরা বলছি, প্রস্তুতি চলছে এবং স্থানীয় সরকার নির্বাচন হলে নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হবে। পুলিশের ভূমিকা যাতে আগের মতো না হয়, সেজন্য সংস্কার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

মাহফুজ আলম আরও জানান, প্রশাসকের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার কার্যক্রমে ঘাটতি দেখা যাচ্ছে। সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের অনেক সেবাই জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। তবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এ ঘাটতি পূরণের সুযোগ তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া। এই মাসের মধ্যেই সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়া যাবে। প্রথম ছয়টি কমিশনের রিপোর্ট নির্বাচন সংশ্লিষ্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা ঠিক করব কতটুকু সংস্কার প্রয়োজন এবং সেই অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।”