নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ : বিরোধীদলীয় নেতা

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে দেশটির দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট । নির্বাচনে ভোটাররা তার নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।

আজ বুধবার (২৮ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, তেল আবিবে নিজের দলের সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে আইজেনকোট এসব কথা বলেন।আইজেনকোট বলেন, ইসরায়েলের সাধারণ জনগণ পরিবর্তন চেয়ে ভোট দিয়েছে এবং তার প্রধান লক্ষ্য হলো জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে সমাজের সকল স্তরের প্রতিনিধিত্বকারী নতুন সরকার গঠন করা। নেতানিয়াহুর উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না।

একই সঙ্গে দেশের সামরিক ও নিরাপত্তা প্রধানদের মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নেতানিয়াহু বর্তমানে কেবল একজন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে দায়িত্বে আছেন, আর কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো কেবল দেশের সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষা করা। কোনো ধরনের রাজনৈতিক চাপে নতিস্বীকার না করার জন্যও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও চ্যানেল ১৩-এর এক্সিট পোল বা প্রস্থান জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে (পার্লামেন্ট) নেতানিয়াহুর ডানপন্থী ব্লক এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক উভয়ই ৫১টি করে আসন পেতে পারে।

এছাড়া আরব দলগুলো পেতে পারে ১৮টি আসন। কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার বা ৬১ আসন এককভাবে অর্জন করতে না পারায় ঝুলন্ত সংসদের আশঙ্কা তৈরি হয়েছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭.৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর থেকে সর্বোচ্চ। আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।