টিউলিপের পদত্যাগে ব্যাথিত ব্রিটিশ প্রধানমন্ত্রী!

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী, সম্প্রতি বিভিন্ন অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগগুলো মধ্যে রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার গ্রহণ, একজন সাংবাদিককে হুমকি দেওয়া, এবং রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের মতো বিষয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ তার পদত্যাগপত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে জমা দেন। স্টারমার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, “টিউলিপ, আপনার পদত্যাগপত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এটি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, “আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে আপনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি, নিজ থেকেই তদন্তের জন্য আহ্বান জানানো এবং পুরোপুরি সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।”

স্টারমার আরও বলেন, “আপনার নেওয়া কঠিন সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এটি প্রমাণ করে যে, আপনি ব্রিটেনের কল্যাণে কাজের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আপনার জন্য সম্ভাবনার দরজা সবসময় খোলা থাকবে।”