নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছে। দলটি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের।তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।”তাহের আরও বলেন, “বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই এই ঘোষণা দেওয়া হয়েছে।
যদি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতো, সেটা আরও ভালো হতো।”সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা জানান, “ফেব্রুয়ারিতে নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে দেখছি। জামায়াতের আমির আগেই বলেছেন, নির্বাচন যেন রমজানের আগেই অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখি।”পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাতে নির্বাচন) পদ্ধতির বিষয়ে তিনি বলেন, “আমরা মনে করি, পিআর পদ্ধতি একটি সুষ্ঠু নির্বাচনের মাইলফলক হতে পারে। ৫৪ বছরের পুরোনো ট্র্যাডিশনাল নির্বাচন পদ্ধতি এই দেশের জন্য আর উপযুক্ত নয়। রাতের আঁধারে ভোটকেন্দ্র দখল করা—এসব ছিল অতীতের অংশ।”
