চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে আজ। এরপরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করা হয়।দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি।

তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন জাকের আলি অনিক। অবশেষে পুরোপুরি ফিট হয়ে লিটন ফিরেছেন নেতৃত্বে।দলে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং ওপেনার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচই খেলতে পারেননি সৌম্য। অন্যদিকে সাইফউদ্দিন শেষ দুই টি-টোয়েন্টিতে খেললেও পারফরম্যান্সে খুব একটা নজর কাড়তে পারেননি।

দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন, যদিও শেষ ম্যাচে ৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। ব্যাটিংয়ের সুযোগ পাননি তবুও এবারের স্কোয়াডে জায়গা হয়নি তার।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর, আর শেষটি ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।