প্রাথমিক শিক্ষকদের সারাদেশব্যাপী কর্মবিরতির ঘোষণা।

লেখক: Tushar Imran
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আগামীকাল রোববার থেকে শুরু হবে তাদের এই কর্মসূচি। পাশাপাশি দাবিগুলোর বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করবেন।শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।শিক্ষকদের তিন দফা দাবি:১️⃣ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা।২️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।৩️⃣ চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।এর আগে, তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালন শেষে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা।

এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।অন্যদিকে, পুলিশের দাবি—শিক্ষকেরা বাধা অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।এদিকে খুলনায় এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের এ আন্দোলন অযৌক্তিক। তিনি বলেন, “সহকারী শিক্ষকদের ১৩ থেকে এক লাফে ১০ম গ্রেডে নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। ইতোমধ্যে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান করা হয়েছে, আর সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের বিষয়ে সরকার কাজ করছে।”