ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের প্রতিটি নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্লাস্টিক পরিবেশের বিষ। এটি শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর সব প্রাণীর জন্য বিষ।” তিনি আরও উল্লেখ করেন যে, প্লাস্টিকের এই বিষক্রিয়া ধীরে ধীরে ঘটায় আমরা এর ভয়াবহতা উপলব্ধি করতে পারছি না। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জনপ্রতি প্লাস্টিক বিষের পরিমাণও বাড়ছে, যা থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, প্লাস্টিক দূষণ কমানোর প্রধান উপায় হলো এর বর্জন। তিনি যুক্তি দেন যে, এর উৎপাদন বন্ধ করলে পৃথিবী অচল হয়ে যাবে না। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা একটি আত্মঘাতী চিন্তা। “জীবন বাঁচাতে হলে পরিবেশকে বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই,” তিনি যোগ করেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন যে, প্লাস্টিকের ব্যবহারের কারণে জলবায়ু, প্রকৃতি এবং জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।