নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন জানিয়েছেন যে, চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হবে। রোববার (১৫ জুন) ঢাকাতে রাশিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।রাষ্ট্রদূত খোজিন উল্লেখ করেন, এই বছর রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০ বছর এবং সোভিয়েত পারমাণবিক শিল্প প্রতিষ্ঠার ৮০ বছর উদযাপন করছে। এই বিশেষ সময়ে রূপপুর প্রকল্পের অগ্রগতি তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।তিনি আরও জানান, রুশ ও বাংলাদেশি প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং প্রথম ইউনিট উদ্বোধনের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
রাষ্ট্রদূত বলেন, রূপপুর প্রকল্পটি কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়, এটি রাশিয়া-বাংলাদেশ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ জ্বালানি খাতে একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ এর সহায়তায় নির্মিত হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র, যার প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। ২০১৬ সালে এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং বর্তমানে প্রথম ইউনিট পরীক্ষামূলক চালুর প্রস্তুতিতে রয়েছে।উল্লেখ্য, রূপপুর প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার প্রায় ১২ বিলিয়ন ডলারের অর্থায়ন রয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম অবকাঠামো প্রকল্প।
