শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ, রবিবার, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। অভিযুক্ত বাকি দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে সাবেক আইজিপি মামুন কারাগারে রয়েছেন, অন্য দুইজন পলাতক।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল, শনিবার, ঢাকায় একটি অনুষ্ঠানে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক আলোচনা সভায় তিনি জানান, বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে এই বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।অভিযোগ এবং তদন্তের অগ্রগতিতাজুল ইসলাম শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ হিসেবে উল্লেখ করে বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। তিনি জানান, ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে এবং জুনের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে।

তাজুল ইসলাম আরও উল্লেখ করেন যে, বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধের কাঠামো ও অপরাধী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছু বাধা এখনো রয়ে গেছে এবং তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন।তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড, মানবাধিকার এবং অতীতে বিচারের নামে ঘটে যাওয়া অবিচার যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।এদিকে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

পূর্ববর্তী ঘটনাপ্রবাহগত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয় এবং সেদিনই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে ১৪০০-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানি সহ পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অপরাধের প্রমাণ পাওয়া গেছে।গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছিল। উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।