২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

১৫ দিনে স্বর্ণের দাম কমলো ৩৫ হাজার টাকা, ভরি কত।

লেখক: Tushar Imran
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

চলতি নভেম্বরে দেশের বাজারে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে একলাফে ভরিপ্রতি ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। সবমিলিয়ে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস।

সেই সঙ্গে রোববার (২২ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হওয়ার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) সকালেও স্বর্ণের ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওইদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

চলতি মাসে দেশের বাজারে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে আরও ৮ দফায় কমানো হয় স্বর্ণের দাম। এর মধ্যে গত ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয় স্বর্ণের দাম। পাশাপাশি শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার রাতেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে।সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম। তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ৯২৫ টাকা।স্বর্ণের দাম কি আরও কমবে?বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের পর আরও দর কমার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা, শক্তিশালী ডলার এবং শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির প্রবণতা বাড়ছে। ফলে স্থিতিশীল হওয়ার আগে মূল্যবান এই ধাতুর দাম আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ৫২৫ ডলার ২৫ সেন্টে নেমে আসে। এটি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। সপ্তাহজুড়ে দাম কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

অথচ গত জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা ও বাধ্য হয়ে সম্পদ বিক্রির কারণে স্বর্ণের বাজার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় ডলার শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে সরকারি বন্ডের মুনাফা বাড়ায় সুদবিহীন স্বর্ণের আকর্ষণ কমছে।