তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপ, স্পেনে মৃত্যু ছাড়াল ১,১৫০।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ইউরোপজুড়ে বইছে তীব্র তাপদাহ। এর মধ্যে শুধু স্পেনেই টানা ১৬ দিনের ভয়াবহ গরমে প্রাণ হারিয়েছেন এক হাজার একশোরও বেশি মানুষ। তথ্য দিয়েছে দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে অস্বাভাবিক তাপমাত্রার কারণে ১,১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।স্পেনের জনস্বাস্থ্য সংস্থা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এ বিষয়ে তারা ব্যবহার করেছে মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)–এর তথ্য।

এই সিস্টেম ঐতিহাসিক তথ্যের সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরণ বিশ্লেষণ করে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর জলবায়ু সম্পর্কিত তথ্যও। যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে গরমকে নিশ্চিত করেনি, তবে ধারণা করা হচ্ছে তাপপ্রবাহই এসব মৃত্যুর বড় কারণ।গত মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানায়, স্পেনে তীব্র গরমে ১,০৬০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণেই বিশ্বজুড়ে তাপপ্রবাহ এখন দীর্ঘস্থায়ী, আরও তীব্র ও ঘনঘন হয়ে উঠছে।