মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের প্রেসিডেন্টের।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি আগ্রাসন ও মধ্যপ্রাচ্যকে বিভক্ত করতে যুক্তরাষ্ট্র সমর্থিত অপচেষ্টার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।

তেহরানে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির ও তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য, নিরাপত্তা ও সার্বিক উন্নয়ন জোরদারে যেকোনো পদক্ষেপকে পূর্ণ সমর্থন দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বৈঠকে ইরানি প্রেসিডেন্ট গাজা, লেবানন, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চালানো ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানান।

পারমাণবিক কর্মসূচির বিষয়ে পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করে বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়। তবে পারমাণবিক অপ্রসার চুক্তি (এনপিটি)-র অধীনে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ও গবেষণার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে, তারা এ দাবিতে অটল থাকবে।

একই সঙ্গে ওয়াশিংটনের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, একদিকে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার প্রস্তাব দেওয়া, অন্যদিকে ইরানের ভূখণ্ড ও পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো- যুক্তরাষ্ট্রের এই ধরনের ‘দ্বিমুখী ও সাংঘর্ষিক নীতি’ অত্যন্ত নিন্দনীয়।