টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশিল্প শ্রমিকরা। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঘটে যাওয়া এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে হাজারো যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করেন। স্থানীয় সূত্র মতে, এই কারখানায় হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন।
এর আগে, গতকাল শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। মালিকপক্ষ কাজ চালিয়ে যেতে অনুরোধ করলেও শ্রমিকরা তাতে সাড়া দেননি। পরবর্তীতে কর্তৃপক্ষ কারখানার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।
আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান এবং ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন। তারা দাবি করেন, গত দুই মাসের বেতন পাওয়ার কথা থাকলেও এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া পরিশোধের নিশ্চয়তা না পেয়ে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।
সকাল সোয়া ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
