আদালত চত্বর থেকে বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরি, যুবক আটক।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির সময় মো. রোহান (১৯) নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন গাড়িচালক মো. নাসির উদ্দিন। পরে তাকে রাজধানীর কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের পার্কিং এলাকাতেই এই ঘটনা ঘটে। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়রা আদালতের গাড়িচালক কাজী সামছুল আলম বাহার জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিচারকদের পার্কিং এলাকায় ওই তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর সে একটি গাড়ির পাশে গিয়ে মোবাইলে কথা বলার ভান করে বাইরের যন্ত্রাংশ খুলতে শুরু করে। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলা হয় চুরির মালামালসহ।বিশেষ জজ আদালত-৪ এর গাড়িচালক মো. ওমর ফারুক বলেন, “এর আগেও বিচারকদের গাড়ির পার্কিং থেকে একাধিকবার যন্ত্রাংশ চুরি হয়েছে। এতে আমাদেরও ঝামেলায় পড়তে হয়। এতদিন কাউকে ধরা না গেলেও আজ একজনকে হাতেনাতে ধরা গেছে।

”তিনি আরও বলেন, “চোরেরা এই পার্টসগুলো ২০০-৩০০ টাকায় বিক্রি করে, অথচ আমাদের এগুলো কিনতে হয় ৫-৬ হাজার টাকায়।”এসআই এনামুল হক জানান, “বিচারকের গাড়ির পার্টস চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে, শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।”