নিজস্ব প্রতিনিধি:
চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মাসের শেষভাগে বর্ষা বিদায়ের সময় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে এবং কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
রোববার (৩ আগস্ট) এক মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ১-২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ৫-৬ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। কোথাও কোথাও ১-২ দিন মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
এদিকে ভারি বর্ষণের কারণে দেশের নদ-নদীগুলোর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
