২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের রোজার পর ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন।আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি আরও বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং মাসটি ৩০ দিন চলতে পারে।রমজান ৩০ দিন পূর্ণ হলে—যা ধারণা করা হচ্ছে—আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে ঈদের ছুটিতে রমজানের ৩০তম দিনটিও যোগ হবে।

এতে দেশটিতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত টানা চার দিনের ছুটি মিলতে পারে। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার অফিস-আদালত খুলবে।পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় ধর্মীয় উৎসব। ঈদের নামাজের মধ্য দিয়ে এ দিনের সূচনা হয়। এরপর পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানো, দান–খয়রাত এবং নানা সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।জ্যোতির্বিদদের হিসাব সঠিক হলে প্রথম শাওয়াল, অর্থাৎ ২০২৬ সালের ঈদুল ফিতর হবে শুক্রবার, ২০ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।—