হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে গ্রামের মণ্ডলপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মোস্তাক ওই গ্রামের সাগর হোসেনের ছেলে।স্বজনদের ভাষ্যমতে, সকালবেলা বাড়ির পাশে খেলাধুলা করছিল মোস্তাক। তার সঙ্গে ছিল আরও কয়েকজন সমবয়সী শিশু।

খেলাধুলার একপর্যায়ে মোস্তাক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়।তাকে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মোস্তাক প্রতিদিন অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে হাঁস নিয়ে খেলত এবং মাঝে মাঝে হাঁস ধরার চেষ্টাও করত।

আজও খেলতে গিয়েই সে ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।