নিজস্ব প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন বদর উদ্দিন (২৮) নামের এক যুবক। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নারী পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে।
তার সাবেক স্বামী বদর উদ্দিন একই উপজেলার বাথুলি গ্রামের ইনসান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে গত এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর তাদের মধ্যে আর তেমন যোগাযোগ ছিল না।বুধবার সকালে সন্তানকে দেখতে পিংকির বাড়িতে আসেন বদর উদ্দিন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এরপর বদর উদ্দিন বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়দের মতে, হত্যাকাণ্ডের সময় সন্তানটি ঘরে উপস্থিত ছিল এবং সে মায়ের হত্যার দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।ওসি মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানকে কেন্দ্র করেই এ ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়েছে। প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানা যাবে।
