নিজস্ব প্রতিনিধি:
গত এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। বিশেষ করে ডেথ ওভারে তার কার্যকারিতা ছিল নজরকাড়া। শুধু তাসকিনই নন, মোস্তাফিজুর রহমানও ছিলেন সমানভাবে কার্যকর। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সেরা বোলারদের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন এই দুই বাংলাদেশি পেসার।
গত দেড় বছরের পরিসংখ্যান বলছে, ডেথ ওভারে সেরা বোলার তাসকিন আহমেদ। এই সময়ে সবচেয়ে কম ইকোনমি রেটে বল করেছেন তিনি—৬.১৮, নিয়েছেন ১৭ উইকেট (১৮ ইনিংসে)। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬.৭৭ ইকোনমি, ৯ উইকেট, ১০ ইনিংস), তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার নাথান এলিস (৬.৮৫ ইকোনমি, ৯ উইকেট, ১০ ইনিংস)।
চতুর্থ স্থানে আছেন মোস্তাফিজুর রহমান—২০ ইনিংসে ডেথ ওভারে তার ইকোনমি রেট ৭.৩৭, উইকেট ১৫টি। পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির (৭.৪৬ ইকোনমি, ৩ উইকেট, ১০ ইনিংস)।
ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকশানা—১৫ ইনিংসে ইকোনমি ৭.৮৪, উইকেট ১০টি। সপ্তম স্থানে ভারতের আর্শদীপ সিং—১৮ ইনিংসে ইকোনমি ৭.৮৪, উইকেট ১৮টি। তালিকার প্রথম সাতজনের মধ্যে একমাত্র স্পিনার থিকশানা।
চলতি বছরে বাংলাদেশ একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে, পাকিস্তানের বিপক্ষে হারে ৩-০ ব্যবধানে। তবে সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা।
