ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে ৭ শিশুর মৃত্যু, ২ জন গুরুতর আহত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ভারতের রাজস্থানের ঝালাওয়ারের মনোহর থানার পিপলোদি এলাকার একটি সরকারি স্কুল ভবন ধসে পড়ে সাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভারি বৃষ্টির কারণে বহুদিনের পুরনো ভবনটির ছাদ হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৬০ জন শিক্ষার্থী এবং একাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। ধ্বংসস্তূপ সরাতে চারটি জেসিবি মেশিন আনা হয় এবং জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।আহত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে গুরুতরদের পাঠানো হয় ঝালাওয়ারের জেলা হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা যায়, ধসে পড়া স্কুল ভবনটি বহুদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হতো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া এক পোস্টে ঘটনাটিকে “বেদনাদায়ক ও মর্মান্তিক” বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, “এই কঠিন সময়ে নিহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।”রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জানান, “জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসা ও ত্রাণ সহায়তা যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”