নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আরাফাতুর রহমান (২২) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনাটি আজ, রবিবার (২২ জুন), বেলা সাড়ে ১১টায় উপজেলার জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় ঘটেছে। আহত আরাফাতুর নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাপমারা ঝিরি এলাকার খুইল্লা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আরাফাতুর রহমান আরও কয়েকজনের সঙ্গে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে জামছড়ি সীমান্তের সাপমারা ঝিরি দিয়ে যাচ্ছিলেন। এ সময় সীমান্তের শূন্য রেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে তার বাম পায়ের নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানিয়েছেন, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার খবর তারা পেয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাইন বিস্ফোরণে একজন যুবক আহত হয়েছেন এবং তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
