নিজস্ব প্রতিনিধিঃ
৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে দ্রুত উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে দায়িত্বপালনরত আনসার সদস্যরা।
৩০ সেপ্টেম্বর (বুধবার) সকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক দম্পতির সঙ্গে থাকা শিশুটি হঠাৎ হারিয়ে যায়। পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল পরিদর্শনরত বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলামকে অবহিত করেন এবং সহযোগিতা চান।বিষয়টি জানার পর জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় হাসপাতালে দায়িত্বপালনরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠেন।
তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধার করা শিশুটিকে তার বাবা-মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির বাবা-মা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, হাসপাতালে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, সেবা নিতে আসা মানুষের প্রয়োজনে মানবিক সহযোগিতাও করে থাকেন।
হারিয়ে যাওয়া শিশুটিকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় তিনি দায়িত্বপালনরত আনসার সদস্যদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। হাসপাতালে নিরাপত্তা ও জনসেবামূলক দায়িত্ব পালনের পাশাপাশি আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক তৎপরতা রোগী ও স্বজনদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করছে।
