২২ শতাংশ নাইট্রোজেন সার সাশ্রয়ের প্রযুক্তি উদ্ভাবন জবি শিক্ষক-শিক্ষার্থী টিমের।

লেখক: আল ফাতিহা নুহা
প্রকাশ: ২ ঘন্টা আগে

জবি প্রতিনিধি:

কৃষিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারের প্রবণতা কমিয়ে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস ও পরিবেশ সুরক্ষায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষক ও তরুণ গবেষক। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে তৈরি রিমোট সেন্সিংভিত্তিক নির্ভুল নাইট্রোজেন ব্যবস্থাপনা প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘N-FertiSmart’।

গবেষকদের দাবি, প্রযুক্তিটি ব্যবহার করা গেলে প্রচলিত সুপারিশের তুলনায় গড়ে প্রায় ২২ শতাংশ নাইট্রোজেন সার কম ব্যবহার করা সম্ভব।শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রযুক্তিটি উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ‘N-FertiSmart: Remote Sensing Based Precision Nitrogen Management for Sustainable Agriculture in Bangladesh’ শীর্ষক প্রকল্পটি উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটিতে জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মো. আতাউল গনি ও ড. এ এম এম গোলাম আদম এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন কাজ করেছেন। তাঁদের সঙ্গে দুই বিভাগের তরুণ গবেষক বিপ্লব বিশ্বাস ও মো. নাজিম শরিফও যুক্ত রয়েছেন।

গবেষকরা জানান, প্রচলিত ‘Fertilizer Recommendation Guide-2024’ (FRG-2024) অনুযায়ী প্রতি হেক্টরে প্রায় ১৭৪ কেজি নাইট্রোজেন সার প্রয়োগের সুপারিশ রয়েছে। তবে N-FertiSmart প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য ডিনাইট্রিফিকেশন হার হিসাব করে গবেষণায় প্রতি হেক্টরে প্রয়োজনীয় নাইট্রোজেনের পরিমাণ ১৩৫ দশমিক ৭০ কেজিতে নামিয়ে আনার সম্ভাবনা পাওয়া গেছে। এতে প্রচলিত সুপারিশের তুলনায় গড়ে প্রায় ২২ শতাংশ নাইট্রোজেন সার কম ব্যবহার করা সম্ভব বলে দাবি গবেষকদের।গবেষকদের ভাষ্য, অনেক কৃষক বেশি নাইট্রোজেন বা ইউরিয়া সার প্রয়োগ করলে ফলন বাড়বে এমন ধারণা থেকে সুপারিশকৃত মাত্রার চেয়েও বেশি সার ব্যবহার করেন। কিন্তু ফসলের গাছ প্রয়োজনের অতিরিক্ত নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। ফলে অতিরিক্ত সার মাটিতে থেকে যায় কিংবা বিভিন্ন প্রক্রিয়ায় পরিবেশে ছড়িয়ে পড়ে।

গবেষকদের তথ্য অনুযায়ী, নাইট্রোজেন সারের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় হারিয়ে যেতে পারে। এতে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় বাড়ে, অন্যদিকে পানিদূষণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও জলজ জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।গবেষকরা আরও জানান, বাংলাদেশের প্রায় ৬৫ শতাংশ কৃষিজমি প্রতিবছর কোনো না কোনোভাবে প্লাবিত হয়। প্লাবনের ফলে মাটির উর্বরতা ও পুষ্টি উপাদানের অবস্থায় পরিবর্তন ঘটে। ফলে কয়েক বছর পরপর প্রচলিত পদ্ধতিতে নির্ধারিত সার প্রয়োগের সুপারিশ সব এলাকার পরিবর্তিত মাটির অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।এই সীমাবদ্ধতা কাটাতেই N-FertiSmart-এ স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিটির মাধ্যমে নির্দিষ্ট এলাকার সম্ভাব্য ডিনাইট্রিফিকেশন হার ও নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণে সহায়তা পাওয়া যাবে। ফলে জমির বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগের সুযোগ তৈরি হবে।

গবেষকদের মতে, প্রচলিত সার সুপারিশ নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা হলেও স্যাটেলাইটভিত্তিক এই পদ্ধতির মাধ্যমে প্রতিবছর জমির অবস্থা ও সম্ভাব্য ডিনাইট্রিফিকেশন হার বিবেচনায় নিয়ে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা সম্ভব হবে। এতে কৃষক অতিরিক্ত সার প্রয়োগ এড়াতে পারবেন। একই সঙ্গে সার ব্যবহারের দক্ষতা বাড়বে, কৃষকের খরচ কমবে এবং পরিবেশে নাইট্রোজেনের অপচয় ও দূষণও কমানো সম্ভব হবে।গবেষক দলের সদস্য ও জবির সিএসই বিভাগের মাস্টার অব সায়েন্সের শিক্ষার্থী বিপ্লব বিশ্বাস বলেন, “একজন গবেষক হিসেবে N-FertiSmart প্রকল্পটি নিয়ে আমি অত্যন্ত আশাবাদী ও গর্বিত। এই প্রকল্পের মাধ্যমে কৃষি, রিমোট সেন্সিং এবং ডেটাভিত্তিক প্রযুক্তিকে একত্রিত করে বাস্তব কৃষি সমস্যার একটি কার্যকর সমাধান তৈরির চেষ্টা করা হয়েছে। গবেষণার সবচেয়ে বড় আনন্দ হলো একটি বৈজ্ঞানিক ধারণাকে মাঠপর্যায়ে ব্যবহারযোগ্য প্রযুক্তিতে রূপান্তর করার সুযোগ পাওয়া।

”তিনি বলেন, “এই প্রকল্প শুধু নাইট্রোজেন সার ব্যবস্থাপনার উন্নয়ন নয়, বরং কৃষকের খরচ কমানো, সার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব টেকসই কৃষি গড়ে তোলার একটি সম্ভাবনাময় পদক্ষেপ।”গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। উদ্ভিদের ফলনের জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয় একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আমাদের দেশে স্থান, মাটির প্রকৃতি ও ফসলভেদে নাইট্রোজেনের সুপারিশকৃত পরিমাণ নির্ধারণ করা আছে। কিন্তু তা প্রতিবছর হালনাগাদ হয় না। আমাদের এই প্রযুক্তির মাধ্যমে প্রতিবছর সম্ভাব্য ডিনাইট্রিফিকেশন হার নির্ণয়ের মাধ্যমে প্রয়োজনীয় নাইট্রোজেনের পরিমাণ নির্ধারণ করতে পারব।

”তিনি বলেন, “এর ফলে কৃষকদের সারের জন্য অতিরিক্ত ব্যয় লাঘব করে তাদের মুনাফা বৃদ্ধি করা সম্ভব হবে। একইভাবে দেশে সারের ঘাটতি কমানো, পরিবেশদূষণ রোধ এবং জাতীয়ভাবে কৃষি খাতকে অনেকাংশে সমৃদ্ধ করা সম্ভব হবে।”নিজেদের উদ্ভাবন প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা জানিয়ে অধ্যাপক গোলাম আদম বলেন, “আমি সত্যিই অনেক ভালো অনুভব করব যদি আমরা আমাদের এই উদ্ভাবনকে প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দিতে পারি। আর এটি তখনই সম্ভব হবে, যখন আমরা সরকারি সহায়তার মাধ্যমে বড় পরিসরে আমাদের উদ্ভাবনকে বাস্তবে সকল কৃষকের জন্য উন্মুক্ত করতে পারব। কৃষকরা আমাদের সবার জন্য সারা বছর কাজ করেন, আহারের ব্যবস্থা করেন। তাঁদের জন্য কিছু করতে পারা সত্যিই আমাদের জন্য একটি অনন্য অর্জন।

”প্রকল্পটির কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তিগত অংশের সঙ্গে যুক্ত অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “স্যাটেলাইটভিত্তিক তথ্য ও ডেটা বিশ্লেষণকে কাজে লাগিয়ে কৃষিজমির অবস্থাভেদে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করা সম্ভব।

এর ফলে একই পরিমাণ সার সব জমিতে প্রয়োগের পরিবর্তে জমির প্রকৃত প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে একদিকে কৃষকের খরচ কমবে, অন্যদিকে অতিরিক্ত সার ব্যবহারের কারণে পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়, সেটিও কমানো সম্ভব হবে।”তিনি আরও বলেন, “আমরা এই গবেষণার জন্য তথ্য মন্ত্রণালয় থেকেও অ্যাওয়ার্ড পেয়েছি।

উদ্ভাবনটি বর্তমানে নভোথিয়েটারে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে উপস্থাপন করা হয়েছে।”গবেষক দলের অন্যতম প্রধান সদস্য অধ্যাপক ড. মো. আতাউল গনি বলেন, “আমাদের এই উদ্ভাবনটি নিয়ে কাজ করার মূল অনুপ্রেরণা হলো বাংলাদেশের কৃষিতে নাইট্রোজেন সার ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় নাইট্রোজেন ক্ষয় কমানো। বিশেষ করে দেশের প্লাবন ও জলাবদ্ধতাপ্রবণ কৃষিজমিতে মাটি ও পানির অবস্থা সময়ের সঙ্গে দ্রুত পরিবর্তিত হয়। ফলে একই জমিতে সবসময় একই মাত্রায় সার প্রয়োগ কার্যকর নাও হতে পারে।

”তিনি বলেন, “N-FertiSmart-এর মাধ্যমে আমরা স্যাটেলাইট তথ্য ও ডিনাইট্রিফিকেশনভিত্তিক নাইট্রোজেন ক্ষয়ঝুঁকি বিশ্লেষণকে বিদ্যমান FRG-2024 সার সুপারিশের সঙ্গে সমন্বয় করে কৃষকের জন্য আরও স্থান ও সময়ভিত্তিক নাইট্রোজেন ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই।”অধ্যাপক আতাউল গনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো সঠিক পরিমাণে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে নাইট্রোজেন সার প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বজায় রেখে সার অপচয়, অর্থনৈতিক ক্ষতি এবং পরিবেশগত দূষণ কমানো।

”নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “একজন গবেষক হিসেবে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো, গবেষণাগারে তৈরি একটি বৈজ্ঞানিক ধারণাকে বাস্তব কৃষি সমস্যার সমাধানে এবং ভবিষ্যতে কৃষকের ব্যবহারযোগ্য প্রযুক্তিতে রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি আশা করি N-FertiSmart বাংলাদেশের টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থাপনায় একটি কার্যকর অবদান রাখতে পারবে।”এখন কবে নাগাদ প্রযুক্তিটির মাঠ পর্যায়ে ব্যাপক বাস্তবায়ন নিশ্চিত করে কৃষিতে নাইট্রোজেন ব্যবহারের প্রচলিত ধারণায় পরিবর্তন আনার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় কমানো, সারের অপচয় রোধ এবং পরিবেশগত ক্ষতি নিয়ন্ত্রণের এই নতুন সম্ভাবনাকে কাজে লাগানো হবে সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।