মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল।

লেখক: বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বিশেষ প্রতিনিধিঃ

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা ‘নিওঅঙ্কোভ্যাক’ মানবদেহে ট্রায়ালের প্রাথমিক পর্যায়েই আশাব্যঞ্জক ফল দেখাতে শুরু করেছে। টিকাটি গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ক্যানসারের বিরুদ্ধে কার্যকর রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মেলানোমা ক্যানসারের টিকা গ্রহণকারী প্রথম রোগীর শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং তার শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন টিকাটি উদ্ভাবনে জড়িত গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবুর্গ।গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় উন্নত পর্যায়ের মেলানোমার জন্য এমআরএনএভিত্তিক ‘নিওঅঙ্কোভ্যাক’ এবং কোলোরেক্টাল ক্যানসারের জন্য পেপটাইডভিত্তিক ‘অঙ্কোপেপ্ট’ নামে দুটি বিশেষায়িত ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়।

চলতি বছরের এপ্রিলে নিওঅঙ্কোভ্যাক প্রথমবারের মতো এক রোগীর শরীরে প্রয়োগ করা হয়। মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৬০ বছর বয়সী ওই রোগী তৃতীয় ধাপের মেলানোমা ও মেটাস্টাসিস ক্যানসারে আক্রান্ত।রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে গিন্সবুর্গ বলেন, রোগী সম্পূর্ণ স্বাভাবিক আছেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষায় তার শরীরে ক্যানসার ও মেটাস্টাসিসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক রোগপ্রতিরোধী উপাদান তৈরির ইতিবাচক প্রমাণ মিলেছে।

তিনি জানান, রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়াজুড়ে তার রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।এছাড়া আরও ১০ জন মেলানোমা রোগীর জন্য বিশেষায়িত টিকা প্রস্তুত করা হচ্ছে, যা আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে প্রস্তুত হবে বলে জানান গিন্সবুর্গ।

ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রেই কাপরিন বলেন, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় একেবারেই নতুন দৃষ্টিভঙ্গি। এর লক্ষ্য শুধু রোগের চিকিৎসা নয়, বরং রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে প্রশিক্ষিত করা।এই টিকা তৈরির জন্য রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনা বিশ্লেষণ করে জেনেটিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশেষায়িত ভ্যাকসিন তৈরি করা হয়, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ চিনে আক্রমণ করতে সহায়তা করে।

এদিকে রুশ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্কোপেপ্ট গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি গামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি ও নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছে।সূত্র : আরটি