হোসেনপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক কর্মসূচিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“জুলাই পুনর্জাগরণে ‘জুলাইয়ের মায়েরা’” শীর্ষক কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক হৃদয়ছোঁয়া অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) হোসেনপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যেখানে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা দর্শকদের আবেগে ভাসিয়ে তোলে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, যেসব মা তাঁদের সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছেন, কিংবা আজো তাঁদের আহত সন্তানদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন—তাঁরা শুধুমাত্র একজন মা নন, তাঁরা এই জাতির নীরব বীর।

‘জুলাইয়ের মায়েরা’ কেবল ইতিহাসের অংশ নন, তাঁরা আমাদের শক্তি, প্রেরণা এবং বেঁচে থাকার দায়বদ্ধতা। তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দায় স্বীকার করার এক ক্ষণিক প্রকাশ। আমরা তাঁদের কাছে ঋণী, এবং সেই ঋণ কোনোদিন শোধ হয় না। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু,শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতু জোহরা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা আল আমিন ভূঁইয়া ও মোস্তাক আহমেদ রাব্বি, উপস্থিত ছিলেন
হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম মোহাম্মদ আলী সহ সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তাদের আবেগঘন বক্তব্যে মঞ্চে বসা শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা কান্নায় ভেঙে পড়েন।

একইভাবে, গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাদের চোখেও দেখা যায় অশ্রুসিক্ত অনুভূতি। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক অনন্য গর্ব, শ্রদ্ধা ও শোকের মিলনমেলা। পরিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের মায়েদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এরপর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।