ভেড়ামারায় সংঘবদ্ধ ধর্ষণে চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ বকশীপাড়া এলাকায় তমা খাতুন নামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে। স্থানীয় ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বকশীপাড়া এলাকায় একদল যুবক তমা খাতুনকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে তাকে নির্জন স্থানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

স্বজন ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।