দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর বিমান বিধ্বস্ত: নিহত ৪ আরোহী।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

২৯ মে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি পি-৩ প্যাট্রোল বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।দুপুর ১টা ৪৩ মিনিটে দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নৌবাহিনী জানিয়েছে, নিহত আরোহীদের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। এই ঘটনায় কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনী একটি তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি, সাময়িকভাবে তাদের বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে। পোহাংয়ের জরুরি সেবাবিষয়ক কার্যালয় জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলের আশেপাশে ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি যানবাহন উপস্থিত আছে এবং বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছিলেন।