ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ দলটির কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও বড় কালিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
শনিবার (২১ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
ফায়ার সার্ভিস জানায়, বেন্দারচর এলাকায় অন্তত ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান তারা। গ্রামটির প্রতিটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে হঠাৎ করে বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বড় কালিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। তারা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। এ হত্যাকাণ্ডের জের ধরেই বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
তবে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা কাল্পনিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকেও একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের কোনও বসতি নেই। সেখানে কোনও হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা কোনও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আগে ধারণ করা এবং কিছু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে পুলিশ। এসব ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শতাধিক বাড়িতে হামলার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ স্বজন ও অন্য কয়েকজন বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজন ও সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে ভাঙচুর চালিয়েছেন। এলাকাটি হিন্দু অধ্যুষিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনা প্রচার করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তেমন নয়।
অগ্নিসংযোগের বিষয়ে কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কেউ তাদের ফোন করেননি। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরে রাত ৮টার দিকে তারা সেখানে পৌঁছান।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে অনেক বাড়িতে আগুন জ্বলতে দেখেন তারা। তখন আগুনের তীব্রতা কম ছিল। কিছু আগুন তারা নিভিয়েছেন, আর কিছু নিজে থেকেই নিভে যায়। আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখা গেছে। প্রতিটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে।
