ডেস্ক রিপোর্টঃ
পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. শওকত আলী।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার পর শনিবার রাতেই তাকে পাঁচলাইশ থানা পুলিশ ও কাউন্টার টেররিজম পুলিশ অফিসার মেস থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে, প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তাঁর ফোন দুটি পরীক্ষা করে জব্দ করা হয়।
গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে তাঁকে ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।
অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, মোবাইল ফোন দুটি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।
তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফোন দুটি জব্দ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
