নেতানিয়াহু যুগের অবসান, নতুন পার্লামেন্ট পেল ইসরাইল।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘদিনের রাজনৈতিক কর্তৃত্বের অবসানের পর বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে নতুন সংসদীয় অধ্যায়ে প্রবেশ করল ইসরাইল। জেরুজালেমে শপথ নিয়েছেন দেশটির ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক অধিবেশনে পর্যায়ক্রমে তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন পার্লামেন্টের কার্যক্রম।

সব সদস্যের শপথ গ্রহণ শেষে নেসেটের সচিব নবনির্বাচিত আইনপ্রণেতাদের অভিনন্দন জানান এবং নতুন সংসদের সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত সদস্যরা করতালি দিয়ে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান।

তবে এবারের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসেন সবার শেষে শপথ নেওয়া চার আইনপ্রণেতা। তাদের সবাই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার স্মৃতি ও বেদনাদায়ক অভিজ্ঞতা।

এই চারজনের একজন মধ্যপন্থি ইয়াশার দলের শিরা শাপিরো। ৭ অক্টোবরের হামলায় নিহত হন তার ছেলে আনের এলিয়াকিম শাপিরো।

অন্যদিকে, ইসরাইল বেইতেনু দলের শ্যারন শারাবির দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে ওই দিন কিবুতজ বেইরি থেকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। পরে বন্দিদশায় প্রাণ হারান ইয়োসি শারাবি।

একই দলের আরেক নতুন আইনপ্রণেতা নোয়াম তিবন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল। ৭ অক্টোবর হামলার সময় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে নিজেই যুদ্ধক্ষেত্রে ছুটে যান তিনি। পরে নাহাল ওজ এলাকা থেকে নিজের ছেলে ও তার পরিবারকে উদ্ধার করেন।

এই তিনজনের পাশাপাশি সবার শেষে শপথ নেওয়া চতুর্থ আইনপ্রণেতা এরেজ তাদমোর। ডানপন্থি লিকুদ দলের এই সদস্য ইসরাইলের প্রভাবশালী কট্টর ডানপন্থি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ‘ইম তিরতজু’র প্রতিষ্ঠাতা।

নতুন আইনপ্রণেতাদের শপথ অনুষ্ঠানে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রভাবও উঠে আসে। ওই হামলায় স্বজন হারানো এবং পরিবারের সদস্যদের উদ্ধারের অভিজ্ঞতা নিয়ে সংসদে প্রবেশ করেছেন নতুন তিন আইনপ্রণেতা।

১২০ সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে যুদ্ধপরবর্তী ইসরাইলের ২৬তম নেসেটের নতুন সংসদীয় ও সাংবিধানিক কার্যক্রম শুরু হলো।

সূত্র: টাইমস অব ইসরাইল