ডেস্ক রিপোর্টঃ
নিম্নতম ন্যূনতম মজুরি বোর্ডের চলমান কার্যক্রম ও ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হওয়া সত্ত্বেও নতুন করে শ্রম অসন্তোষ দেখা দিয়েছে আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে।কারখানা মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে সৃষ্ট এই উত্তেজনার মুখে মঙ্গলবার প্রায় ১৪৬টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১০০টিরও বেশি কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলে।
গতকাল আশুলিয়ায় ইসলাম গ্রুপ, স্টার্লিং, এনভয়, নিট এশিয়া ও মণ্ডল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীর কারখানাও উৎপাদনকাজ চালাতে পারেনি বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জানিয়েছে। টিবিএসের হাতে আসা বিজিএমইএর একটি তালিকা থেকে জানা যায়, মোট ১৪৬টি কারখানা উৎপাদন অব্যাহত রাখতে পারেনি। ওই তালিকায় এর মধ্যে ১০৮টি কারখানার নাম পাওয়া গেছে। নাম না প্রকাশের শর্তে বিজিএমইএর এক নেতা বলেন, ‘বেশিরভাগ কারখানায় শ্রমিকরা ঢুকলেও উৎপাদন কাজে যোগ দেননি। কিছু কারখানায় ভাঙচুর করেছেন বিনা কারণে। ‘অসন্তোষ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এম এম মামুন-উর-রশিদ বলেন, গাজীপুরে শ্রম অসন্তোষের কারণে অন্তত ৩০টি কারখানায় ছুটি দিতে হয়েছে।হঠাৎ এই অচলাবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন বিজিএমইএর সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, ‘মজুরি বোর্ড গঠনের পর থেকে আলোচনা চলমান রয়েছে। ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে বলে মালিক-শ্রমিক উভয়পক্ষ একমত হয়েছে। এখন আন্দোলন, কারখানা ভাঙচুর আর কাজ না করার কী কারণ থাকতে পারে, তা আমরা বুঝতে পারছি না।’বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আগের দিনের তুলনায় অস্থিরতার মাত্রা আরও বেড়েছে। তবে বিজিএমইএ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন।
শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের কথা ভাবছেন মালিকরাটানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর নতুন করে সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের অনুমোদন দিতে বিজিএমইএর ওপর চাপ বেড়েছে। সরকার এর আগে উৎপাদন সচল রাখতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিল। তা সত্ত্বেও যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, সেসব ইউনিটে এখন বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের বিষয়টি বিবেচনা করছেন মালিকরা। এ ধারার আওতায় শ্রমিকরা কাজে যোগ না দিলে মজুরি না দিয়েই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করার ক্ষমতা রাখে মালিকপক্ষ।
বিজিএমইএ সূত্র জানায়, এই ধারার আওতায় নিউ এজ অ্যাপারেলস, নিউ এজ গার্মেন্ট এবং কাইলক নিউ এজ বিডি—এই তিন প্রতিষ্ঠান ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।শিহাব উদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘আমরা বুধবারও পরিস্থিতি দেখবো। এরপর ১৩(১) ধারা প্রয়োগের বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।’গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার আশঙ্কাআশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই শ্রমিক আহত হওয়ার পর এ ঘটনা নিয়ে একটি পক্ষ গুজন ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কারখানা মালিকরা। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম অভিযোগ করেন, সহিংসতা আরও উসকে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, ‘আশুলিয়ায় দুই শ্রমিক আহত হয়েছেন। অথচ তারা নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এটিকে ইস্যু বানিয়ে বুধবারও ঝামেলা করার চেষ্টা হতে পারে বলে মনে হচ্ছে।’ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছেন ক্রেতারা, শ্রমিক নেতাদের শান্ত থাকার আহ্বানচলমান এই অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানি আদেশে। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো ইতিমধ্যে ক্রয়াদেশ ভারতের মতো বিকল্প উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিচ্ছে। বার্ষিক প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানিকারক একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একজন কর্ণধার জানান, চলমান অস্থিরতার কারণে ব্রিটিশ রিটেইলার মার্কস অ্যান্ড স্পেনসার সম্প্রতি বিশেষায়িত কটন ট্রাউজারের একটি বড় ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, ‘বিশ্বের আরও একাধিক ক্রেতা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একইভাবে ক্রয়াদেশ সরে যাওয়ার ঘটনা ঘটছে।’সুইডেনভিত্তিক একটি বড় পোশাক ব্র্যান্ডের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর ঝুঁকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি টিবিএসকে বলেন, অসন্তোষ দ্রুত সমাধান করা না গেলে আাগামী দুই মাসে বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশের পরিমাণ ১৫-২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হতে পারে।
আনুষ্ঠানিক মজুরি আলোচনা চলমান থাকা অবস্থায় বিনা উসকানিতে এ ধরনের বিক্ষোভের নিন্দা জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার নতুন করে রাজপথে নামার এই ঘটনাকে বড় ভুল উল্লেখ করে বলেন, ‘এই পর্যায়ে এসে রাজপথে নামা ভুল সিদ্ধান্ত। এই অস্থিরতা চলতে থাকলে কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা জীবিকা হারাবেন। বিদেশি ক্রেতারা ইতোমধ্যে আমাদের অর্ডার কমানোর ব্যাপারে সতর্ক করছেন। আমি সব শ্রমিককে শান্ত থেকে মজুরি বোর্ডকে কাজ শেষ করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
