দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন মন্তব্য করেছেন যে, দেশে সারের সংকট কখনো ছিল না এবং বর্তমানে ও কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত বিদ্যমান।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে।’

সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, ডিলারশিপ দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ডিলারশিপ দেয়ার পর ৯০ দিনের মধ্যে যদি কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া যায়, তবে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

মন্ত্রী আমদানি-নির্ভর পণ্যের তালিকা কমে আসার বিষয়টি উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর থেকে কিছু পণ্য ছিল যা প্রতিবছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।

তিনি জানান, মন্ত্রণালয় কৃষির প্রসারে ইতিবাচক ও ভালো কাজ করে যাচ্ছে।